বিহার বিধানসভা নির্বাচনে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচী- SIR-এর প্রভাব প্রতিফলিত হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তা’ প্রযোজ্য হবে বলে তিনি আজ নতুন দিল্লিতে বলেন।
এদিকে, তৃণমূল কংগ্রেস গিরিরাজ সিং-এর এই মন্তব্যের সমালোচনা করেছে। দলের মন্ত্রী শশী পাঁজা আজ কলকাতায় বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের কোটি কোটি মানুষকে অপমান করেছেন। এটি রাজ্যের ওপর সরাসরি আক্রমণ এবং এ থেকেই স্পষ্ট, বিজেপি নিরাপত্তাহীনতায় ভুগছে।
অন্যদিকে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকেও NDA-এর এই জয়কে স্বাগত জানানোর পাশাপাশি এরাজ্যেও আগামী বছর বিধানসভা নির্বাচনে বিহারের ফলাফলের পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করা হয়েছে। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের প্রাক্তন রাজ্য সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, বিহারের মানুষ যেভাবে ওই রাজ্যকে জঙ্গলের রাজত্বে পরিণত হতে দেয়নি, এরাজ্যের মানুষও সেইভাবে বাংলাকে ‘জঙ্গল রাজ’ থেকে মুক্ত করবে। শ্রী মজুমদার বলেন, বাংলা, বিহার, ওড়িশার মধ্যে ওড়িশা ও বিহারে এনডিএ-র সরকার গঠন হয়েছে। বাংলাতেও এবার বিজেপি সরকার গঠন হবে বলে তিনি আশাবাদী।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এরাজ্যেও আগামী বছর বিধানসভা নির্বাচনে বিহারের ফলাফলের পুনরাবৃত্তি হবে। এখানেও বৈধ ভোটারদের অংশ গ্রহণের মাধ্যমে বিজেপি নিশ্চিতভাবে জয়লাভ করবে।
বিহারের ভোটের ফলাফলে কংগ্রেসের ব্যর্থতা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অবশ্য , নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
CPIM কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, ভোটের শতকরা হার হিসেব করলে বিহারে বিজেপির তুলনায় তেজস্বী যাদবরা বেশী ভোট পেয়েছেন। বিহারে ভাল ফলাফলে বিজেপি খুশী হলেও, তার সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই বলে তিনি মন্তব্য করেন।