বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার পেশ করা একটি খসড়া প্রস্তাবকে ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, এই প্রস্তাবটি সংকট সমাধানের বদলে বেআইনি কাজকে বৈধতা দেবে। ইরান স্পষ্ট জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীলতা ফেরানোর একমাত্র পথ হলো যুদ্ধ বন্ধ করা। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন সামুদ্রিক অবরোধ প্রত্যাহার করারও দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, আমেরিকা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত ও কাতার সমর্থিত এই খসড়া প্রস্তাবটির মূল লক্ষ্য হলো বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। ওয়াশিংটনের অভিযোগ, ইরান ক্রমাগত এই বাণিজ্যিক করিডোরে বিশৃঙ্খলার সৃষ্টি করছে।
এদিকে দুই দেশের সামরিক বাহিনী একে অপরের উপর আক্রমণের দাবি করেছে। ইরানের দাবি, আমেরিকার সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরাহ বন্দরের কাছে একটি ইরানি তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এছাড়াও ইরানের বন্দর খামির ও কেশম দ্বীপের মতো জনবসতিপূর্ণ এলাকায় মার্কিন বিমান হামলার অভিযোগ উঠেছে। পাল্টা জবাবে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীতে তাদের নৌবাহিনীর ওপর ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়েছে।