বিশিষ্ট অসমিয়া সঙ্গীত শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুবিন গর্গ প্রয়াত। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এর সময় এক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। বয়স হয়েছিল- ৫২ ।
খবরে প্রকাশ, সিঙ্গাপুর পুলিশ সমুদ্রের মধ্যে থেকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রাখা হলেও, বাঁচানো যায়নি জুবিনকে। উত্তর পূর্বাঞ্চলীয় উৎসবে যোগ দিতে জুবিন সিঙ্গাপুরে গিয়েছিলেন। আজই সেখানে তাঁর অনুষ্ঠান করার কথা ছিল।
উল্লেখ্য, ২০০৬-এ গ্যাংস্টার ছবিতে তার ‘ইয়া আলি’ গানটি জুবিন গর্গকে খ্যাতির আলোয় নিয়ে আসে। তাঁর এই অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পরতেই, সঙ্গীত ও সাংস্কৃতিক জগতে শোকের ছায়া নেমে আসে।