বিদ্যুতের বিপুল চাহিদা বৃদ্ধির কথা মাথায় রেখে রাজ্য সরকার নতুন শক্তি নীতি তৈরি করতে চলেছে। বিদ্যুৎ ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা স্থির করতে একটি কৌশলগত পরিকল্পনা ইউনিট গঠন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ইউনিট গত পাঁচ বছরে রাজ্যের বিদ্যুৎ খাতে গৃহীত প্রকল্পগুলির মূল্যায়ন ও পর্যালোচনার কাজও করবে।বিদ্যুৎ দফতর সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ, ২০৩১-৩২ অর্থ বছরে রাজ্যে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ২০ হাজার ৭৭০ মেগাওয়াট এবং ২০৩৪-৩৫ সালের মধ্যে তা আরও বেড়ে ২৪ হাজার ৭৫৭ মেগাওয়াট হতে পারে। এই চাহিদা মেটাতে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বর্তমান সময়ের ৮ হাজার ২৪৪ মেগাওয়াট থেকে বাড়িয়ে ২০৩৪-৩৫ সালের মধ্যে ১৪ হাজার ১৪৮ মেগাওয়াট করা হবে। ফলে, আগামী দশ বছরে ৫ হাজার ৯০৪ মেগাওয়াট অতিরিক্ত ক্ষমতা যোগ করতে হবে।
এই ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চারটি নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে একটি বড় ১,৬০০ মেগাওয়াটের গ্রিনফিল্ড প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং বাকি প্রকল্পগুলি বর্তমানে পরিকল্পনার পর্যায়ে রয়েছে।