বাংলাদেশ সরকার ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিতর্কিতভাবে সরে দাঁড়ানোর ঘটনায় তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, অতিরিক্ত প্রশাসনিক সচিব ড. একেএম ওয়ালি উল্লাহ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য , আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ নিরাপত্তাজনিত কারণে প্রত্যাখ্যান করলে বাংলাদেশ এ বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়। । এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চরমপন্থী গোষ্ঠীর হুমকির প্রেক্ষিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিলে বিতর্ক শুরু হয় ।
প্রসঙ্গত, তৎকালীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিসিবিকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয় । সেই প্রসঙ্গে সম্প্রতি, বিসিবি অ্যাড-হক কমিটির প্রধান ও প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল বলেন , একটি সর্বোচ্চ পর্যায়ের আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে একতরফা ভাবে সরে দাঁড়ানোর পূর্বে বাংলাদেশের আইসিসির সঙ্গে আরও আলোচনা করা উচিত ছিল ।
বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের মধ্যেই এই তদন্ত কমিটি গঠিত হয়েছে। চলতি মাসের শুরুতে হাইকোর্ট তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের বিসিবি অ্যাড-হক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছে।