প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত জরুরি সতর্ক বার্তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে ‘সেল ব্রডকাস্ট সিস্টেম’ চালু করল ভারত সরকার। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন-এর সুপারিশ অনুযায়ী এবং সি-ডট (C-DOT)-এর সহযোগিতায় তৈরি সচেত নামের ইন্টিগ্রেটেড অ্যালার্ট সিস্টেমটি ইতিমধ্যেই দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর করা হয়েছে।
এই সিস্টেমটির পরীক্ষা করার উদ্দেশ্যে নির্দিষ্ট এলাকার মোবাইল গ্রাহকদের কাছে এসএমএস (SMS)-এর মাধ্যমে আজ মোবাইল ফোনে সাইরেন সহ দুর্যোগের সতর্ক বার্তা পাঠানো হয়। তবে নাগরিকরা যাতে চিন্তিত না হয় সেই কারণে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সামাজিক মাধ্যমের এক পোস্টে জানান, মোবাইলে এ ধরনের কোনো বার্তা আসে, তবে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই।পাশাপাশি তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তা আরও জোরদার করতে এবং দুর্যোগকালীন সময়ে দ্রুত তথ্য নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উল্লেখ্য টেলিকম বিভাগ এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ যৌথভাবে এই ব্যবস্থাটি তৈরি করেছে।