প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার ছয় দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি, এই পাঁচটি দেশে সফর করবেন। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) সিবি জর্জ এক সাংবাদিক সম্মেলনে এই সফরের বিস্তারিত সূচি ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। সফরের প্রথম দিন অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী পৌঁছাবেন সংযুক্ত আরব আমিরশাহীতে। সেখানে তিনি রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। মূলত জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। ওই দিনই প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফরে যাবেন। ২০১৭ সালের পর এটিই হবে তাঁর সে দেশে দ্বিতীয় সফর। সেখানে তিনি রাজা উইলেম-আলেকজান্ডার ও রানি ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।
আগামী রবিবার প্রধানমন্ত্রী সুইডেনের গোথেনবার্গে পৌঁছাবেন। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, গ্রিন ট্রানজিশন এবং স্টার্টআপের মতো উদীয়মান প্রযুক্তি নিয়ে বিশদ আলোচনা হবে। এছাড়া তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের উপস্থিতিতে ইউরোপের প্রথম সারির শিল্পপতিদের এক সম্মেলনেও ভাষণ দেবেন।
সফরের চতুর্থ পর্যায়ে সোমবার প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছাবেন। ৪৩ বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটিই প্রথম নরওয়ে সফর। সেখানে তিনি রাজা হারাল্ড পঞ্চম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ভারত-নরওয়ে ব্যবসা ও গবেষণা সম্মেলনে ভাষণ দেবেন। মঙ্গলবার নরওয়েতে আয়োজিত হবে তৃতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলন। সেখানে ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী মোদী পরিবেশবান্ধব শক্তি এবং ব্লু-ইকোনমি নিয়ে ভারতের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন।
সফরের শেষ পর্যায়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী ইতালিতে প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা এফএও (FAO)-র সদর দপ্তরও পরিদর্শন করবেন।