প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে G-20 শিখর সম্মেলনে অংশ নেবেন। তিন দিনের এই সম্মেলন, আজ শুরু হচ্ছে।
উল্লেখ্য, এবারের G-20 সম্মেলনে শ্রী মোদী, প্রতিটি অধিবেশনেই অংশ গ্রহণ করবেন।
এই সম্মেলনে দক্ষিণী বিশ্বের দেশগুলির বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা, সুস্থায়ী উন্নয়ন, জলবায়ু পরিকল্পনা, শক্তি ক্ষেত্রে রূপান্তর ও বিশ্ব প্রশাসনে বদলের ওপর বিশেষ গুরুত্ব দেবেন তিনি। ২০১৪-এ প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করার পর এটি হবে নরেন্দ্র মোদীর দ্বাদশ G-20 শীর্ষ সম্মেলন। এই নিয়ে চতুর্থবার জি-টোয়েন্টি সম্মেলন দক্ষিণী বিশ্বের কোনো দেশে এবং প্রথমবার দক্ষিণ আফ্রিকায় হতে চলেছে। এই বছর সম্মেলনের মূল ভাবনা- ‘সংহতি, সাম্য ও স্থিতিশীলতা’। দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বে সম্মেলনে, বিপর্যয় ব্যবস্থাপনা, নিম্ন আয়ের দেশগুলির ঋণ পরিচালন ব্যবস্থা এবং যথাযথ শক্তি, রূপান্তর ও সর্বাত্মক সুস্থায়ী উন্নয়নের ওপর অগ্রাধিকার দেওয়া হয়।
এই সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী গতকাল জোহানেসবার্গে পৌঁছলে স্যান্টটনসানে দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়রা ঐতিহ্যবাহী নাচে গানে তাকে স্বাগত জানান। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে ফলপ্রসূ আলোচনার জন্য তিনি অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন। শিখর সম্মেলনে ভারত সহযোগিতা আরও জোরদার করা, উন্নয়নের অগ্রগতি এবং প্রত্যেকের জন্য আরও সুন্দর ভবিষ্যৎ সুনিশ্চিত করার বিষয়ে জোর দেবে বলে তিনি উল্লেখ করেন। শ্রী মোদী সেখানে উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।