প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সামাজিক ন্যায় তখনই নিশ্চিত করা সম্ভব যখন, ধনী-দরিদ্র নির্বিশেষে সব স্তরের মানুষের কাছে বিচার ব্যবস্থার সুবিধা পৌঁছে যাবে। আজ সন্ধ্যায় নতুনদিল্লিতে সুপ্রিম কোর্টে আইনি সহায়তা পরিষেবা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্থানীয় ভাষায় আইনি নথিপত্র তৈরির ওপরেও জোর দিয়ে তিনি বলেন, গত কয়েক বছরে সরকার, বিচার ব্যবস্থাকে আরও দ্রুত এবং সময়পযোগী করে তোলার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আইনি পরিষেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি সরকারের জন্য অগ্রাধিকার।
জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ-NALSA-র তৈরি মধ্যস্থতা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচিরও সূচনা করেন শ্রী মোদী।
কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, সাধারণ মানুষকে আইনি সহায়তা এবং পরিসেবা প্রদানে নালসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টেলি-আইনের মতো উদ্যোগ, প্রান্তিকতম মানুষকেও ন্যায়বিচার পেতে সাহায্য করছে। ২০১৭ সালে চালু টেলি-ল-পরিষেবার মাধ্যমে দেশে এক কোটির বেশি মানুষ মামলা সংক্রান্ত পরামর্শ পেয়েছেন।
দুদিনের এই সম্মেলনে আইনি পরিষেবা পরিকাঠামোর গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে আলোচনা হবে।