প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের বাঁশওয়াড়ায় ১,২২,১০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তিনি মাহি বাঁধের কাছে নাপলায় মাহি বাঁশওয়াড়া রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রায় ৪২,০০০ কোটি টাকা বিনিয়োগের এই প্রকল্পে ৭০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চারটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট অন্তর্ভুক্ত থাকবে। প্রধানমন্ত্রী সৌরশক্তি, পানীয় জল, স্বাস্থ্যসেবা, পরিকাঠামো এবং জাতীয় মহাসড়ক ক্ষেত্রে কয়েকহাজার কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্প উৎসর্গ ও উদ্বোধন করেছেন। এছাড়াও, তিনি রাজ্যে তিনটি নতুন রেল পরিষেবার উদ্বোধন করেছেন।
প্রধানমন্ত্রী এই উপলক্ষে এক বিশাল জনসভায় ভাষণে সাম্প্রতিক জিএসটি সংস্কার সম্পর্কে বলেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সস্তা হয়ে গেছে, যার ফলে গৃহস্থালির খরচ কমেছে। তিনি বিরোধীদের বিরুদ্ধে জিএসটি সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ করে জোর দিয়ে বলেন যে এই সংস্কারগুলি সমাজের প্রতিটি অংশের উপকার করবে এবং পরিবারের জন্য উল্লেখযোগ্য সাশ্রয় নিশ্চিত করবে।
আত্মনির্ভর ভারতের আহ্বান পুনর্ব্যক্ত করে, শ্রী মোদী নাগরিকদের স্বদেশী পণ্য ক্রয় এবং প্রচারের আহ্বান জানান। শ্রী মোদী বলেন যে রাজস্থানের এটি এক ঐতিহাসিক মুহূর্ত। ভারতের জ্বালানি ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তিনি উল্লেখ করেন যে বিভিন্ন রাজ্যে ৯০,০০০ কোটি টাকারও বেশি মূল্যের বিদ্যুৎ প্রকল্প একযোগে চালু করা হচ্ছে, যা প্রমাণ করে যে ভারত বিদ্যুতের গতিতে এগিয়ে চলেছে, প্রতিটি অঞ্চল এই প্রবৃদ্ধিতে অবদান রাখছে।
সৌরশক্তি থেকে পারমাণবিক শক্তিতে দেশের অগ্রগতির উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী উন্নয়নে বিদ্যুতের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন।
আদিবাসী কল্যাণের প্রতি সরকারের অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, কংগ্রেস ঐতিহাসিকভাবে আদিবাসী সম্প্রদায়কে অবহেলা করেছে, যেখানে বিজেপি ধারাবাহিকভাবে তাদের মর্যাদা, ক্ষমতায়ন এবং সাংস্কৃতিক সংরক্ষণের জন্য কাজ করে আসছে।