প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তর প্রদেশে গ্রেটার নয়ডায় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধন করেছেন। প্রদর্শনী উপলক্ষ্যে এক জনসভায় তিনি দেশের সকল বণিক, বিনিয়োগকারী, উদ্যোগপতি ও যুবদের এই প্রদর্শনীতে অংশগ্রহণের আহ্বান জানান । ২ হাজার ২ শো রও বেশি মানুষ তাঁদের বাণিজ্য উপকরণ প্রকাশে অংশগ্রহণ করায় প্রধানমন্ত্রী সন্তোষ ব্যক্ত করেন। তিনি বলেন, এই বছরের বাণিজ্য প্রদর্শনীতে অংশীদার দেশ হল রাশিয়া, যা আসলে দুই দেশের বহু বছরের সম্পর্ককে মজবুত করার লক্ষ্যে বিশেষ উল্লেখযোগ্য পদক্ষেপ।
উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, ঐতিহাসিক জিএসটি সংস্কারের বাস্তবায়নের পরে এটিই তাঁর প্রথম উত্তরপ্রদেশ সফর। তিনি বলেন, এই কর সংস্কার দেশের দরিদ্র, কৃষক, মহিলা, যুব, মধ্যবিত্ত, বাণিজ্যিক গোষ্ঠী, ছোট ও মাঝারি ব্যবসায়ী সহ সব অংশের জন্য লাভজনক। শ্রী আদিত্যনাথ বলেন, এর ফলে গত চারদিনে দেশীয় বাজারে বিশেষ উজ্জীবন লক্ষ্য করা গেছে।
বাণিজ্য প্রদর্শনী এমাসের ২৯ তারিখ পর্যন্ত চলবে। রাজ্যের বহুমুখী শিল্পকলা, আধুনিক শিল্প প্রতিষ্ঠান, অতিক্ষুদ্র-ক্ষুদ্র ও মাঝারি শিল্পদ্যোগ এবং নতুন উদ্যোক্তাদের প্রতিভা তুলে ধরা হবে এই প্রদর্শনীতে। প্রদর্শনীতে থাকবে হস্তশিল্প সামগ্রী, বস্ত্র, চামড়ার তৈরি জিনিষ, কৃষিজাত পণ্য ইত্যাদি।
এরপর প্রধানমন্ত্রী রাজস্থানে পৌঁছে ১ লক্ষ ২২ হাজার ১-শো কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। বনসওয়াড়ায় এক জনসভায় ভাষণ দেবেন তিনি। পিএম কুসুম প্রকল্পে সুবিধাপ্রাপকদের সঙ্গে মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও অনুশক্তি বিদ্যুৎ নিগম লিমিটেডের মাহি-বনসওয়াড়া-রাজস্থান পারমাণবিক শক্তি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শ্রী মোদী। এর জন্য খরচ ধরা হয়েছে প্রায় ৪২ হাজার কোটি টাকা। ১৯ হাজার ২১০ কোটি টাকার পরিবেশ বান্ধব শক্তি প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাসেরও কর্মসূচী রয়েছে তাঁর।