প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জ্ঞান ভারতম মিশন ভারতের সংস্কৃতি, সাহিত্য এবং চেতনার কণ্ঠস্বর হয়ে উঠতে চলেছে। আজ সন্ধ্যায় নতুনদিল্লিতে “জ্ঞান ভারতম”-এর উপর আন্তর্জাতিক সম্মেলনে ভাষনে শ্রী মোদী বলেন, ভারতে বিশ্বের বৃহত্তম প্রায় এক কোটি পাণ্ডুলিপির সংগ্রহ রয়েছে। ইতিহাস জুড়ে, কোটি কোটি পাণ্ডুলিপি ধ্বংস করা হয়েছে, কিন্তু যেগুলি এখনও রয়ে গেছে তা দেখায় যে পূর্বপুরুষরা জ্ঞান, বিজ্ঞান এবং শিক্ষার প্রতি কতটা নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি আরও বলেন যে ভারত নিজেই একটি জীবন্ত স্রোত, যা তার ধারণা, আদর্শ এবং মূল্যবোধ নিয়ে গঠিত।
শ্রী মোদী পাণ্ডুলিপি ডিজিটাইজেশন, সংরক্ষণ এবং জনসাধারণের সার্বিক অংশগ্রহণের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম “জ্ঞান ভারতম” পোর্টালেরও সূচনা করেছেন। এই উপলক্ষ্যে একটি জমায়েতে তিনি ভাষণ দেন। “পাণ্ডুলিপির ঐতিহ্যের মাধ্যমে ভারতের জ্ঞানের উত্তরাধিকার পুনরুদ্ধার” এই বিষয়ে গতকাল তিন দিনের সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে ভারতের পাণ্ডুলিপি সম্পদকে পুনরুজ্জীবিত করার পদ্ধতি নিয়ে আলাপ আলোচনা করা হয়। বিশিষ্ট ব্যক্তি, প্রযুক্তিবিদ সহ শীর্ষস্থানীয় আধিকারিকরা এই আলোচনায় অংশগ্রহণ করেন।