প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল কিরগিজস্তানের বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন ‘SCO’-র প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। তিনি আজই কিরগিজস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
সমাজমাধ্যমের এক বার্তায় তিনি জানান, এই বৈঠকে তিনি বর্তমান বিশ্বের নিরাপত্তা সংকটের প্রেক্ষিতে বিশ্বশান্তির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন। সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার প্রতি ‘Zero Tolerance’ বজায় রাখার বিষয়ে ভারতের সুদৃঢ় ও ধারাবাহিক অবস্থানও তিনি এই বৈঠকে তুলে ধরবেন ।
প্রতিরক্ষামন্ত্রী জানান, অন্যান্য SCO সদস্য রাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করতে এবং বিশকেকে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি উদগ্রীব।