পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। গতকাল কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্য বিজেপি পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে দলনেতা নির্বাচিত করা হয়। এরপরই তিনি রাজভবনে রাজ্যপাল আর এন রবির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। গতকাল পরিষদীয় দলের নেতা হিসাবে শুভেন্দু অধিকারির নাম ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিজেপি সরকার শীঘ্রই দেশের সীমান্ত পথকে সুরক্ষিত করবে। তিনি বলেন, এরাজ্যে বিজেপির এই জয় কেবল দলের আদর্শ বা সংগঠনের বিস্তার নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে মজবুত করার একটি সুনিশ্চিত পদক্ষেপ। শ্রী শাহ বলেন, অসম ও ত্রিপুরার পর এখন পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার ক্ষমতায় আসায় ভারতের পূর্ব সীমান্তকে একটি অভেদ্য দুর্গে পরিণত করা সম্ভব হবে। স্বরাষ্ট্রমন্ত্রী দলের নেতা কর্মীদের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে ‘সোনার বাংলা’ গড়ে তুলতে সচেষ্ট হওয়ার অনুরোধ জানান।
শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের খবরে তাঁর নিজের জেলা পূর্ব মেদিনীপুর এবং নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানিপুরে খুশি সাধারণ মানুষ। গতকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন ব্লকে আবির খেলা এবং বিজয় মিছিল বের হয়েছে। ই-রিকশা ও অটো রিকশায় প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এবং শুভেন্দু অধিকারীর ছবি সাজিয়ে সাধারণ মানুষ উৎসবে মেতেছেন। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।