May 11, 2026 9:12 AM

printer

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন।

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নর ১৪ তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিনই তিনি পাঁচ মন্ত্রীর দপ্তর বন্টন করবেন।

মন্ত্রিসভার প্রথম বৈঠকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা, অন্নপূর্ণার ভাণ্ডার, সপ্তম পে কমিশন ইত্যাদি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

মন্ত্রীসভার বৈঠকের পর আইনশৃঙ্খলা, উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে বসবেন। প্রথমে নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তাঁর বৈঠক হবে।  এরপর সব জেলা শাসকদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। নির্বাচনের জন্য গত দু মাস স্থগিত থাকা প্রকল্পের কাজের অগ্রগতি এবং বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শুরু করা নিয়েও তিনি বৈঠকে, সচিব, আমলাদের নির্দেশ দেবেন বলে মনে করা হচ্ছে।

এদিকে, নবান্নে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠককে কেন্দ্র করে নিরাপত্তা আরও জোরদার করতে তৎপর হাওড়া ও কলকাতা পুলিশ।  কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এবং হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী গতকাল নবান্ন চত্বর ও আশপাশের এলাকা পরিদর্শন করেন।

অন্যদিকে, নতুন বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর জন্য তিনদিন বসছে বিধানসভা। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিধায়কদের শপথবাক্য পাঠ করানো হবে বলে খবর। তার আগে মঙ্গলবার নির্বাচিত হবেন অধ্যক্ষ। রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। সূত্রের খবর, প্রোটেম স্পিকারের দায়িত্ব পাচ্ছেন তাপস রায়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।