নির্বাচন কমিশন, দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। নতুন করে ভোটগ্রহণের দিন ধার্য হয়েছে ২১শে মে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট নেওয়া হবে। গণনা ২৪শে মে।
ফলতা কেন্দ্রের ২৮৫ টি বুথেই ভোটগ্রহণ প্রক্রিয়া গুরুতরভাবে প্রভাবিত হয়েছে বলে, কমিশনের রিপোর্টে উঠে এসেছে। স্ক্রুটিনিতে দেখা গেছে, সেখানে একাধিক বুথে ইভিএমে কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং ভোটগ্রহণের ক্ষেত্রে গুরুতর নিয়মভঙ্গের ঘটনা ঘটেছে। বহু বুথে ব্যালট ইউনিটের বোতামে কালো টেপ লাগানো ছিল। এর ফলে ভোটাররা সঠিকভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। একাধিক বুথে ভিডিও রেকর্ডিং পাওয়া যায়নি, কোনো বুথে তা’ অসম্পূর্ণ বা কোথাও ফুটেজে অসঙ্গতি ধরা পড়েছে।