নির্বাচন কমিশন কেরালায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় কর্মসূচী এসআইআর প্রক্রিয়ার মেয়াদ আরও এক সপ্তাহের জন্য বাড়িয়ে দিয়েছে। কমিশনের এক নির্দেশিকায় জানানো হয়েছে, এনুমারেশনের কাজ যা ডিসেম্বরের ১১ তারিখ শেষ হওয়ার কথা ছিল, তা এখন ১৮ ই ডিসেম্বর পর্যন্ত চলবে। সংশোধিত সময়সূচী অনুসারে খসড়া ভোটার তালিকা ১৬ ই ডিসেম্বরের পরিবর্তে ২৩ শে ডিসেম্বর প্রকাশিত হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২১ শে ফেব্রুয়ারি, যা এর আগে ১৪ ই ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। কেরালা সরকারের অনুরোধের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে কমিশন সূত্রে জানা গেছে।
সুপ্রিম কোর্ট সম্প্রতি এসআইআর প্রক্রিয়ার চাপ কমাতে এক গুচ্ছ যে নির্দেশিকা দেয়, তার ভিত্তিতেই কেরালা সরকার সময়সীমা বৃদ্ধির এই আবেদন জানিয়েছিল। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন গতকাল কেরালার মুখ্যসচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে এক বৈঠকে সময়সীমা সংশোধনের এই সিদ্ধান্ত গ্রহণ করে।