দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিষ্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ একটি প্রস্তাব গ্রহণ করেছে। নিরীহ নাগরিকদের স্মরণে দু’মিনিট নীরবতাও পালন করা হয়। দেশের নাগরিকদের জীবন ও নিরাপত্তার প্রতি সরকার দৃঢ় সংকল্প বলেও মন্ত্রিসভা জানিয়েছে। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো বলেন, এদিনের বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষ না করার নীতি পুনর্ব্যক্ত করা হয়েছে। সঙ্কটকালে বিভিন্ন কর্তৃপক্ষ, নিরাপত্তা সংস্থা ও নাগরিকদের সাহসী এবং মানবিক প্রতিক্রিয়ার’ও প্রশ্নগসা করেছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ‘রপ্তানি প্রসার মিশন’- EPM–এ অনুমোদন দিয়েছে। এই প্রকল্পে ব্যয় হবে ২৫ হাজার কোটি টাকার’ও বেশী। ২০২৫-২৬-এর কেন্দ্রীয় বাজেটে এই উদ্যোগ ঘোষিত হয়। অতিক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলি, নতুন রপ্তানিকারক এবং শ্রম নির্ভর ক্ষেত্রগুলির মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি এর মূল লক্ষ্য বলে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান।
মন্ত্রিসভা আজ রপ্তানিকারকদের জন্য ‘ক্রেডিট গ্যারান্টি স্কিম’-এ অনুমোদন দিয়েছে। এর আওতায় ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টি কোম্পানী লিমিটেড-NCGTC ঋণদানকারী প্রতিষ্ঠানগুলিকে ২০ হাজার কোটি টাকা পর্যন্ত অতিরিক্ত ঋণ সুবিধার জন্য ১০০ শতাংশ গ্যারান্টি দেবে। এতে অতিক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলিও অন্তর্ভুক্ত থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এই উদ্যোগ ভারতীয় রপ্তানিকারকদের, বিশ্ব বাজারের উপযুক্ত করে তোলার পাশপাশি নতুন বাজারে প্রবেশে সহায়তা করবে।
সিজিয়াম, গ্রাফাইট, রুবিডিয়াম এবং জিরকোনিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থগুলির রয়্যালটি হার সংশোধনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। শ্রী বৈষ্ণো বলেন, এর ফলে এই খনিজ পদার্থগুলির ব্লক নিলাম সহজ হবে। এর সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ খনিজ, যেমন-লিথিয়াম, টাংস্টেন, বিরল মৃত্তিকা উপাদান এবং নিওবিয়াম’ও অন্তর্ভুক্ত থাকবে।