ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জর্ডনের আম্মান পৌঁছেছেন। সেদেশের প্রধানমন্ত্রী ডঃ জাফার হাসান, শ্রী মোদীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। এক্স হ্যান্ডেলের এক বার্তায় প্রধানমন্ত্রী মোদি, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার জন্য জাফার হাসানকে ধন্যবাদ জানান। এই সফর দু দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। জর্ডনের রাজা আবদুল্লা বিন আল হুসেইনের আমন্ত্রণে ৩৭ বছর পর ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফর। দু দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপন করছে।
সফর শুরুর আগে প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, জর্ডনের রাজা আবদুল্লা এবং প্রধানমন্ত্রী জাফরের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আম্মানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও মত বিনিময় করবেন তিনি।
আম্মান থেকে আগামীকাল (১৬ তারিখ) প্রধানমন্ত্রী ইথিওপিয়া যাবেন। সেদেশে এটি হবে তাঁর প্রথম সফর। তিনি ভারত- ইথিওপিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে সেদেশের প্রধানমন্ত্রী ডঃ অ্যাবি আহমেদ আলীর সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি সংসদের যৌথ অধিবেশনে ভাষন দেবেন তিনি।
তিন দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী ওমানে পৌছবেন, সাক্ষাত করবেন সুলতান হাইথাম – বিন- তারিকের সঙ্গে। দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর এই সফর। এই সফরের ফলে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ,শক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা, কৃষি ও সংস্কৃতি সহ দ্বিপাক্ষিক সম্পর্কের অংশীদারিত্বের বিষয়ে সামগ্রিক পর্যালোচনার সুযোগ মিলবে।