তৃণমূল কংগ্রেস প্রধান বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তাদের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা ধাপে ধাপে স্থায়ীভাবে তুলে নেওয়া হয়েছে বলে কলকাতা পুলিশ জানিয়েছে। আজ সকালে লালবাজারের এক সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, মমতা ব্যানার্জীর বাড়ির সমানে রিমোট চালিত সিজার গেট লালবাজারের তরফে সরিয়ে নেওয়া হয়েছে। জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে তাঁর বাড়ির সামনের রাস্তা। আপাতত এক ইন্সপেক্টর ও কয়েকজন কনস্টেবল সহ রাফ ও স্পেশাল ব্রাঞ্চের গুটিকয়েক আধিকারিক রয়েছেন।
অন্যদিকে, অভিষেক ব্যানার্জীর বাড়ির সামনে গার্ড রেল সরিয়ে দেওয়া হয়েছে। কমানো হয়েছে নিরাপত্তা কর্মীদের সংখ্যা। তবে নিরাপত্তা সংক্রান্ত বাকি বিষয়টি ডায়রেক্টর সিকিউরিটির ওপর নির্ভর করছে বলে শ্রী নন্দ জানান।
এদিকে, অশান্তি এড়াতে আবারও কোনোরকম প্রোরোচনায় পা না দেওয়ায় আবেদন জানিয়েছেন তিনি। এখনও পর্যন্ত হিংসার ঘটনায় কলকাতা পুলিশের আওতাধীন এলাকা থেকে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শহরে মোতায়েন রয়েছে ৬৫ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী। একইসঙ্গে রয়েছে ২৪০ টি কিউআরডি। পুলিশের কর্তব্যে গাফিলতি থাকলেও বিভাগীয় স্তরে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন সিপি। তিনি বলেন, বুলডোজার নিয়ে কোনো বিজয় মিছিল করা যাবে না। এধরনের ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে বিজয় মিছিলের জন্য অগ্রিম অনুমতি নেওয়া বাধ্যতামূলক। বিনা অনুমতিতে বিজয় মিছিলের আোজন করা হলে তা পুলিশ আটকাবে বলে শ্রী নন্দ স্পষ্ট জানিয়ে দেন।