ডেনমার্কের হর্সেনসে আয়োজিত টমাস কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে আজ চাইনিজ তাইপেইকে ৩-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে ভারতীয় পুরুষ দল। এই জয়ের সঙ্গে সঙ্গেই ভারতের পদক জয় নিশ্চিত হলো। প্রথম সিঙ্গলস ম্যাচে ভারতের লক্ষ্য সেন বিশ্বের ৬ নম্বর তারকা চৌ তিয়েন চেন-কে হারিয়ে দেন। খেলার ফলাফল ১৮-২১, ২২-২০, ২১-১৭। এরপর ডাবলসে সাত্ত্বিকসাইরাজ র্যাঙ্কিড্রেডি এবং চিরাগ শেট্টি জুটি চাউ শিয়াং চিয়ে এবং ওয়াং চি-লিন জুটিকে ২৩-২১, ১৯-২১, ২১-১২ ফলে পরাজিত করেন। তৃতীয় ম্যাচে আয়ুশ শেট্টি স্ট্রেট সেটে লিন চুন-ইয়িকে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেন।
বাকি ম্যাচগুলিতে হরিহরণ আমসাকারুনান ও এম.আর. অর্জুন জুটি লিউ কুয়াং হেং এবং ইয়াং পো-সুয়ানের মুখোমুখি হবেন। অন্যদিকে, কিদাম্বি শ্রীকান্ত লড়বেন চি ইউ জেন-এর বিরুদ্ধে।