July 15, 2025 6:46 PM

printer

ডিভিসি অতিরিক্ত জল ছাড়ায় বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে রাজ্য সরকার অভিযোগ করেছে

আগাম কিছু না জানিয়ে ডিভিসি তাদের জলাধারগুলি থেকে অতিরিক্ত পরিমানে জল ছাড়ায় দক্ষিনবঙ্গের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে রাজ্য সরকার অভিযোগ করেছে। বিভিন্ন জেলা জলমগ্ন হয়ে পড়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে জরুরী ভিত্তিতে মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব, ডিজিপি, স্বরাষ্ট্রসচিব সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিক ও সব জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। গত ১৮ জুন থেকে ডিভিসি ২৭ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে বলে  তিনি জানান। বন্যা পরিস্থিতি প্রতিরোধে ডিভিসি র জলাধারগুলি থেকে পলি তুলে নাব্যতা বৃদ্ধির জন্যে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেওয়া ছাড়াও নীতি আয়োগের বৈঠকে বারবার বিষয়টি  তোলা হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। এই কাজ হলে জলাধারগুলির জলধারন ক্ষমতা আরও চার লক্ষ কিউবিক মিটার বৃদ্ধি পেত বলে তিনি জানান। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় তিনি রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গে সেচ, বিপর্যয় ব্যবস্থাপনা, কৃষি, বিদ্যুৎ এর মত সংশ্লিষ্ট সব বিভাগকে পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে কাজ করার নির্দেশ দেন। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হুগলির মত জেলাগুলিতে নজরদারির জন্যে প্রতিটি জেলায় তিন জন করে প্রধান সচিব বা দপ্তরের সচিবকে দায়িত্ব দিতে তিনি মুখ্যসচিব মনোজ পন্থ কে নির্দেশ দেন। আশ্রয় শিবিরগুলিতে পর্যাপ্ত ত্রান, খাবার, ডায়রিয়া, ম্যালেরিয়ার ওষুধ, ও আর এস,   সর্প দংশনের প্রতিষেধক এভিএস মজুত রাখার কথা বলেন তিনি। পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদেরও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আবেদন জানান মুখ্যমন্ত্রী। উপকূলবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের সচেতন করতে প্রশাসনকে নিয়মিত মাইকিং করার কথা বলেন তিনি। পরিস্থিতির উপরে নজরদারির জন্যে রাজ্য ও জেলাস্তরে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরন দেওয়ার কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে বলে তিনি জানান। যে কোন রকম পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার জন্যে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের জেলাশাসকদেরও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।