জিএসটি বচত উৎসব এ প্রধানমন্ত্রী স্বদেশী দ্রব্যেই উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন। ভোকাল ফর লোকালকেই কেনাকাটার মন্ত্র করতে বলেছেন তিনি। গতকাল মন-কি-বাত-এর ১২৬-তম পর্বে উৎসবের মরশুমে দেশবাসীকে আরও বেশি করে কেনাকাটা করার অনুরোধ করেন তিনি।
আগামী দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী। প্রধানমন্ত্রী বলেছেন, গান্ধীজী সবসময় স্বদেশীকে আপন করার প্রতি গুরুত্ব দিতেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল খাদি। প্রধানমন্ত্রী সকলকে অনুরোধ করেছেন, আগামী দোসরা অক্টোবর তারা যেন কিছু কিছু খাদি বস্ত্র ক্রয় করেন এবং গর্বের সঙ্গে বলেন এগুলি স্বদেশী পণ্য।
আগামী কিছুদিনের মধ্যে ছট পুজো ও দীপাবলী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ছট উত্সবকে ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ তালিকার অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকার চেষ্টা করে চলেছে। এই প্রসঙ্গে তিনি জানান, কিছুদিন আগে কলকাতার দুর্গাপুজোও ইউনেস্কোর এই তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। এইভাবেই সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে গোটা বিশ্বের কাছে তুলে ধরতে হবে।
প্রধানমন্ত্রী সেলবোটে, সার্কম নেভিগেশন করা ভারতীয় নৌসেনার দুই আধিকারিকের সঙ্গে কথা বলে তাদের সাফল্যের কথা দেশবাসীর কাছে তুলে ধরেন। এরা হলেন, লেফটেন্যান্ট কমান্ডার দিলনা এবং লেফটেন্যান্ট কমান্ডার রূপা। এপ্রসঙ্গে নরেন্দ্র মোদী নারী শক্তির উদযাপনকে স্মরণ করেছেন। মন-কি-বাত-এ প্রধানমন্ত্রী দু-জনের জন্মজয়ন্তীতে তাঁদের কথা বিশেষভাবে স্মরণ করেছেন। এরা হলেন অমর শহীদ ভগত সিং এবং সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। বিজয়া দশমীর দিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্থাপনের শতবর্ষ পূর্ণ হচ্ছে। এক শতাব্দীর এই যাত্রাকে প্রধানমন্ত্রী অভূতপূর্ব ও প্রেরণামূলক বলে বর্ণনা করেন। দেশ জুড়ে এখন উত্সবের মরশুম চলছে। মন কি বাতের ১২৬ তম পর্বে প্রধানমন্ত্রী আসন্ন দীপাবলী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।