জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে অনুপ্রবেশের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে লস্কর-ই-তৈবার দুই জঙ্গি নিহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর ‘হোয়াইট নাইট কোর’ সামাজিক মাধ্যমে জানিয়েছে, আজ সকালে নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী। এরপরই দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। অপারেশন শিবশক্তির আওতায় এই অভিযানে দুই জঙ্গি মারা পড়ে। ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র উদ্ধার হয়েছে।
এদিকে, জম্মু পুলিশ আজ নাগরোটা এলাকা থেকে জঙ্গিদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে। আকাশবানীর জম্মু সংবাদদাতা জানিয়েছেন, ধৃত আজান হামিদ গাজির কাছ থেকে তিনটি পিস্তল, ম্যাগাজিন এবং বেশ কিছু কার্তুজ পাওয়া গেছে। গাড়ি করে কাশ্মীর যাওয়ার পথেই পুলিশ তাকে পাকড়াও করে।