জম্মু কাশ্মীরের নওগাঁম পুলিশ থানায় গতরাতে এক দুর্ঘটনাজনিত বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন। জম্মু কাশ্মীর পুলিশের মহানির্দেশক নলীন প্রভাত জানিয়েছেন, নিহতদের মধ্যে রাজ্য তদন্তকারী সংস্থা SIA-র এক কর্মী, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি দলের ৩ জন, ২ জন অকুস্থলে ছবি তুলতে আসা ফোটোগ্রাফার, ২ জন রাজস্ব আধিকারিক এবং ১ জন দর্জি রয়েছেন। ওই দুই রাজস্ব আধিকারিক ও দর্জি, ম্যাজিস্ট্রেটের দলের সদস্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জম্মু কাশ্মীর বিষয়ক যুগ্ম সচিব প্রশান্ত লোখান্ডে জানিয়েছেন, বিস্ফোরণে ২৭ জন পুলিশ কর্মী, ২ জন রাজস্ব আধিকারিক এবং তিন অসামরিক ব্যক্তি জখম হয়েছেন। তাদের অবিলম্বে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। হতাহতদের পরিবার বর্গের পাশে সরকার রয়েছে বলে তিনি জানান।
শ্রী লোখান্ডে আরো জানান, জঙ্গীদের কাছ থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ বিস্ফোরক এবং রাসায়নিক পদার্থ ঠিক মত রাখার সময়ে তাতে আচমকা বিস্ফোরণ ঘটে যায়। নিয়ম মাফিক পদ্ধতি মেনে বিস্ফোরকগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময়ে সেগুলির বিস্ফোরণ ঘটে বলে উল্লেখ করেন। বিস্ফোরকগুলি মারাত্মক ধরনের হওয়ায় থানার মধ্যে এক খোলা জায়গায় সেগুলি রাখা হয়েছিল এবং অত্যন্ত সতর্কতার সঙ্গেই সেগুলি নাড়াচাড়া করা হচ্ছেল। তা সত্ত্বেও তাতে বিস্ফোরণ ঘটে। আশপাশ এলাকা এবে থানা ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, অপ্রয়োজনীয় জল্পনা কল্পনা এড়াতেই এই দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।