গ্রীষ্মের সময় সম্ভাব্য তাপপ্রবাহজনিত পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতি আহ্বান জানিয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিবকে পাঠানো এক চিঠিতে মন্ত্রকের সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব জানান, এ বছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দেশের পূর্ব, মধ্য এবং উত্তর পশ্চিমাংশের পাশাপাশি দক্ষিণ পূর্বের রাজ্যগুলিতে স্বাভাবিকের থেকে বেশী তাপপ্রবাহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে।
সমস্ত স্বাস্থ্যপরিষেবা কেন্দ্রে হিট স্ট্রোক ব্যবস্থাপনা ইউনিট খোলা, অ্যাম্বুলেন্স পরিষেবা সুনিশ্চিত করা, দ্রুত সতর্কতামূলক পূর্বাভাসের প্রচার এবং IHIP পোর্টালে হিট স্ট্রোকের ঘটনা রিয়েল টাইমে আপডেট করার জন্য মন্ত্রক নির্দেশ দিয়েছে। তীব্র গরম ও তাপপ্রবাহের ফলে অসুস্থতা ও প্রাণহানি রুখতে সুপরিকল্পিত এবং সমন্বিত উদ্যোগ জরুরী বলেও শ্রীবাস্তব ওই চিঠিতে জোর দেন।