January 8, 2026 12:47 PM

printer

কয়েক বছরের পুরোনো কয়লা পাচার মামলায় আই-প্যাক-এর কর্ণধার প্রতীক জৈন-এর লাউডন স্ট্রিটের বাড়িতে এনফোর্সমেন্ট নির্দেশালয়-ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে জমজমাট রাজ্য রাজনীতি

কয়েক বছরের পুরোনো কয়লা পাচার মামলায় আই-প্যাক-এর কর্ণধার প্রতীক জৈন-এর লাউডন স্ট্রিটের বাড়িতে এনফোর্সমেন্ট নির্দেশালয়-ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে জমজমাট রাজ্য রাজনীতি। এদিন সকালে ওই মামলায় প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডি আধিকারিকরা তল্লাশি চালাতে যান। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী।       

বেলা গড়াতেই প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী। সেখানে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও। প্রতীক জৈনের বাড়ি থেকে হাতে কিছু নথিপত্র ও হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। সেগুলি দেখিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, প্রতীক জৈন দলের একজন কার্যকর্তা। তাঁর কাছ থেকে তদন্তের নামে দলের প্রার্থী তালিকা গুরুত্বপূর্ণ নথিপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছিল বলে তিনি অভিযোগ করেন। মুখ্যমন্ত্রীর হাতে থাকা নথিগুলিতে ঠিক কোন্‌ ধরণের তথ্য ছিল, তা’ নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সোজা চলে যান সল্টলেকে আই-প্যাকের অফিসে। সেখানেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। ভবনটি ঘিরে রেখেছেন বিধাননগর পুলিশের আধিকারিকরা। সেখানে পৌঁছে গেছেন তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীরাও।

  মুখ্যমন্ত্রী ইডির তদন্তে বাধা দিচ্ছেন বলে অভিযোগ তুলে, তাঁর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এর আগেও মমতা ব্যানার্জী তদন্ত প্রক্রিয়ায় বাধা দিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।