কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত বিল্ডাথন ২০২৫ উদ্যোগের সূচনা করেছেন। শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ, নীতি আয়োগের অটল ইনোভেশন মিশনের সহযোগিতায়, চলতি বছরের ১৩ই অক্টোবর বিকশিত ভারত বিল্ডাথন ২০২৫ আয়োজন করছে। এই উদ্যোগ তরুণদের আত্মনির্ভর ভারত, স্বদেশী দ্রব্য ব্যবহার, ভোকাল ফর লোকাল এবং সমৃদ্ধ ভারত ভাবনার ওপর পরিকল্পনা প্রস্তুত করতে এবং নকশা ও প্রোটোটাইপ তৈরি করতে অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীরা আজ থেকে ৬ই অক্টোবর পর্যন্ত বিল্ডাথনের জন্য নিবন্ধন করতে পারবে। সারা দেশের ছয় লক্ষ স্কুলের ১২ কোটি শিক্ষার্থী এই উদ্যোগে জড়িত হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, গত এগারো বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতাকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি বলেন, সরকার স্কুল শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্ভাবনের ভাবনা সঞ্চারিত করতে অটল ইনোভেশন মিশনও চালু করেছে। দেশে দশ হাজারেরও বেশি অটল টিঙ্কারিং ল্যাব সক্রিয় রয়েছে বলেও শ্রী প্রধান জানান।