কেন্দ্রীয় মন্ত্রিসভা পঞ্চদশ অর্থ কমিশনের সময়কালে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা (PMKSY) প্রকল্পের জন্য মোট ৬ হাজার ৫২০ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে, যার মধ্যে ১ হাজার ৯২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লীতে সাংবাদিকদের জানিয়েছেন যে বরাদ্দ করা অর্থের মধ্যে ১,০০০ কোটি টাকা ৫০টি মাল্টি-প্রোডাক্ট ফুড ইরেডিয়েশন ইউনিট স্থাপনের জন্য বরাদ্দ করা হয়েছে, যা ইন্টিগ্রেটেড কোল্ড চেইন এবং ভ্যালু অ্যাডিশন ইনফ্রাস্ট্রাকচার (ICCVAI) প্রকল্পের অংশ। এছাড়া, NABL স্বীকৃত ১০০টি ফুড টেস্টিং ল্যাব স্থাপন করা হবে। এছাড়াও, পঞ্চদশ অর্থ কমিশনের সময়কালে PMKSY-এর বিভিন্ন প্রকল্পের জন্য ৯২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সমবায় উন্নয়ন নিগম (NCDC)-এর জন্য গ্রান্ট ইন এইড অনুমোদন করেছে। পাশাপাশি ২০২৫-২৬ থেকে ২০২৮-২৯ পর্যন্ত চার বছরের জন্য ২,০০০ কোটি টাকার বাজেট বরাদ্দ রয়েছে। এই অনুদানের ভিত্তিতে, NCDC চার বছরে উন্মুক্ত বাজার থেকে ২০,০০০ কোটি টাকা সংগ্রহ করতে পারবে।
মন্ত্রীসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডের ১৩টি জেলা জুড়ে চারটি মাল্টি-ট্র্যাকিং প্রকল্প অনুমোদন করেছে। এর ফলে ভারতীয় রেলওয়ের নেটওয়ার্ক প্রায় ৫৭৪ কিলোমিটার বৃদ্ধি পাবে। এই প্রকল্পগুলির জন্য আনুমানিক ১১ হাজার ১৬৯ কোটি টাকা খরচ হবে। এই প্রকল্প ২০২৮-২৯ সালের মধ্যে সম্পন্ন হবে।