কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অপরিশোধিত তেল এখন ২৭টি দেশের পরিবর্তে ৪১টি দেশ থেকে আমদানি করা হচ্ছে। দক্ষিণ গুজরাটে অনুষ্ঠিত ‘ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনে’ তিনি বলেন, এই সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির বিষয়ে তিনি জানান, শোধনাগারগুলিতে এলপিজি (LPG) উৎপাদন প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে দৈনিক উৎপাদন ৩৬ হাজার মেট্রিক টন থেকে বেড়ে বর্তমানে ৫৪ হাজার মেট্রিক টন হয়েছে। জ্বালানির ক্রমবর্ধমান দামের প্রভাব থেকে সাধারণ গ্রাহকদের সুরক্ষা দিতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি।