কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ অসমের বিশ্বনাথ জেলার ভোলাগুরিতে রাজ্যের প্রথম কারিগরি ও বৃত্তিমূলক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। শহীদ কনকলতা বড়ুয়া রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়টি কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং, সাইবার নিরাপত্তা, ব্লকচেইন, ড্রোন ও ন্যাভিগেশন প্রযুক্তি, কোয়ান্টাম কম্পিউটিং, ব্রেন-কম্পিউটার ইন্টারফেস সহ বিভিন্ন প্রযুক্তি ক্ষেত্রে পাঠ্যক্রম চালু করবে। ২৪১ একর জমিতে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়টিতে ২,০০০ শিক্ষার্থীর জন্য একাডেমিক ব্লক, ১,৬২০ জন থাকতে পারে এমন হোস্টেল, আবাসিক কোয়ার্টার, অতিথিশালা প্রভৃতি গড়ে তোলা হবে। অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়েছে স্বাধীনতা সংগ্রামী কনকলতা বরুয়ার নামে। যিনি মাত্র ১৭ বছর বয়সে ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় গোহপুরে জাতীয় পতাকা হাতে মিছিলের নেতৃত্ব দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।