কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশ উপেক্ষা করার জন্য বারুইপুর পুরসভার প্রধান শক্তি রায়চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার নির্দেশ জারি করেছে। পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহা আগামী ২রা জুলাই মামলার পরবর্তী শুনানির দিন পুরপ্রধানকে হাইকোর্টে হাজিরা দিতে বলেছেন। কেন তিনি আদালতের নির্দেশ অমান্য করেছেন, সেই বিষয়ে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য পেশ করতেও বলা হয়েছে শক্তি রায়চৌধুরীকে।
উল্লেখ্য, ২০২৩ সালে বারুইপুর পুর এলাকায় একটি বেআইনি নির্মাণের বিরুদ্ধে মামলা দায়ের করেন এলাকারই এক বাসিন্দা। তিন বছর আগে পুরকর্তৃপক্ষকে ওই নির্মাণ পরিদর্শন করে বেআইনি অংশ চিহ্নিত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা।
আট সপ্তাহের মধ্যে সেই নির্মাণের বেআইনি অংশ ভাঙার আইনানুগ পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেয় আদালত। কিন্তু তিন বছর হতে চললেও আদালতের নির্দেশ পালনে কোনও কার্যকরী ভূমিকা নেওয়া হয়নি বলে পুরপ্রধানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়।