কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার শিক্ষক-শিক্ষিকাদের বাধ্যতামূলক বুথ লেভেল অফিসার (BLO)-র দায়িত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। সম্প্রতি মুর্শিদাবাদ জেলার স্কুল পরিদর্শকের কাছে পাঠানো এক নির্দেশিকায় একথা উল্লেখ করে বলা হয়েছে, কোনো শিক্ষক ঐ দায়িত্ব পালনে অস্বীকার করলে, তা কর্তব্যে গাফিলতি হিসাবে গণ্য এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, রাজ্যের বেশ কয়েকটি শিক্ষক সংগঠন এর প্রতিবাদে সরব হয়েছে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (STEA)এর নেতা অনিমেষ হালদার অভিযোগ করেছেন, শিক্ষক-শিক্ষিকাদের পঠনপাঠন বহির্ভূত কাজে নিযুক্ত করা হলে পড়ুয়া শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে। রাজ্যের স্কুলগুলিতে প্রচুর পরিমাণে শূন্যপদ থাকায় ক্লাস নেওয়া খুবই মুশকিল হয়ে পড়বে।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের এক প্রতিনিধিদল আগেই এব্যাপারে নির্বাচন কমিশনার ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিতভাবে অভিযোগপত্র জমা করে। তারপরেও এই নির্দেশিকা জারি হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন শিক্ষকদের একাংশ।