কলকাতা পুরসভা, শহরকে পরিষ্কার ও জঞ্জালমুক্ত রাখতে অভিনব এক নতুন উদ্যোগ নিচ্ছে। চিরাচরিত বাঁশির শব্দের বদলে এবার সচেতনতামূলক গান শুনিয়ে বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করা হবে বলে পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন। পুরভবনে গতকাল তিনি এই সম্পর্কিত একটি সঙ্গীত ভিডিওর উদ্বোধন করে বলেন, মানুষকে সচেতন করার মাধ্যমে শহর পরিষ্কার রাখতেই এই উদ্যোগ।
পুরসভার বর্জ্য সংগ্রহের ব্যাটারি চালিত গাড়িগুলোতে সাউন্ড বক্স লাগিয়ে শহরের বিভিন্ন জায়গায় গান বাজিয়ে বর্জ্য সংগ্রহ করার প্রক্রিয়া শ্রীঘ্রই শুরু হবে বলে মেয়র জানান। পাশাপাশি, এই পদ্ধতিতে কঠিন বর্জ্য সংগ্রহ করে সরাসরি পচনশীল ও অপচনশীল দ্রব্য পৃথক করে সেগুলোকে জৈব সার তৈরীর কাজে লাগানো হতে পারে।
প্রসঙ্গত, সম্প্রতি বর্ষায় শহরের বহু রাস্তায় জল জমে থাকার কারণ হিসাবে যত্রতত্র প্লাস্টিক জাতীয় ময়লা ফেলাকেই দায়ী করেছেন মেয়র।