December 27, 2025 7:53 PM

printer

কঠোর নজরদারি ও নিরাপত্তায় রাজ্য জুড়ে মোট ৩ হাজার ২৩৪ টি কেন্দ্রে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শুনানি পর্ব চলেছে।

কঠোর নজরদারি ও নিরাপত্তায় রাজ্য জুড়ে মোট ৩ হাজার ২৩৪ টি কেন্দ্রে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শুনানি পর্ব চলেছে। ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ১১টি করে টেবিলে  একযোগে শুনানি শুরু হয়েছে। প্রথম পর্বে প্রায় ৩২ লক্ষ আনম্যাপড ভোটারকে ডাকা হয়েছে। যারা ২০০২-এর ভোটার তালিকার সঙ্গে কোনোরকম সম্পর্ক দেখাতে পারেননি, তাদের আধার কার্ড সহ মোট ১২টি স্বীকৃত নথি  পেশ করার সুযোগ রয়েছে। তবে শুধুমাত্র আধার কার্ডকে নথি হিসেবে বিবেচনা করা হবে না।  এস আই আরের শুনানি পর্বে ২০১০ সালের পরে রাজ্য সরকারের ইস্যু করা ওবিসি শংসাপত্র গ্রাহ্য হবে কি না তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এই বিষয়ে নির্বাচন কমিশন ৩১ ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত নেবে।

কমিশনের ঘোষণা অনুযায়ী, এই শুনানি পর্ব শেষ হলে  ১৪ ফেব্রুয়ারি  চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। কলকাতা ও জেলাজুড়ে সকাল থেকেই শুনানি কেন্দ্রগুলিতে তৎপরতা চোখে পড়েছে। খসড়া তালিকায় নাম না থাকা বহু মানুষকে প্রয়োজনীয় নথি হাতে নিয়ে লাইনে দাঁড়াতে দেখা যায়।

এদিকে, SIR এর শুনানি পর্বের প্রথম দিনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হল। বিএলও সংগঠনের বিক্ষোভের প্রেক্ষিতে গত সপ্তাহেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুপারিশ করা হয়। সিইও দফতরে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।