ইথিওপিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে বাতাসে ভেসে আসা ছাইয়ের মেঘ গত রাতে উত্তর-পশ্চিম ভারতের রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি-জাতীয় রাজধানী অঞ্চল এবং পাঞ্জাব অতিক্রম করেছে। এর ফলে রাজ্যগুলির দৃশ্যমানতা ব্যাহত হয়েছে। পাশাপাশি অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ছাইয়ের মেঘ বিমান চলাচলেও প্রভাব ফেলছে। বিমান চলাচল নিয়ন্ত্রক ডিজিসিএ গতকাল বিমান সংস্থা এবং বিমানবন্দরগুলিকে এই ছাইয়ের সম্ভাব্য পরিস্থিতি সমাধানে পরামর্শ জারি করেছে। ছাইয়ের কারণে বাতিল হয়েছে আকাসা এয়ার, ইন্ডিগো এবং কেএলএম এর মত বিমান সংস্থার কিছু আন্তর্জাতিক বিমানও।
উল্লেখ্য গতকাল ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরি থেকে প্রায় ১০,০০০ বছরের মধ্যে প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত হয়, যার ফলে লোহিত সাগর পেরিয়ে বিশাল ছাইয়ের কুণ্ডলী ওমান এবং ইয়েমেন ছাড়িয়ে তা আরও পূর্ব দিকে প্রবাহিত হয়।ভারতীয় আবহাওয়া বিভাগ, আইএমডি জানিয়েছে যে মেঘের উচ্চতা ১০ কিলোমিটারের বেশি হওয়ায় দিল্লিতে বায়ু দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হবে না।