আফ্রিকার দুই দেশ সফরের অঙ্গ হিসাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাতে অ্যাঙ্গোলায় পৌঁছাবেন। অ্যাঙ্গোলা ও বতসোয়ানায় এটি কোনো ভারতীয় রাষ্ট্রপ্রধানের প্রথম রাষ্ট্রীয় সফর। আফ্রিকার সঙ্গে সম্পর্ক গভীর করা এবং দক্ষিণী বিশ্বের দেশগুলির সঙ্গে অংশীদারিত্ব জোরদার করার বিষয়টিকে ভারত কতটা গুরুত্ব দিয়ে দেখছে এই সফর তারই নিদর্শন।
শ্রীমতী মুর্মু, অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও লরেনকোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি অ্যাঙ্গোলার সংসদে ভাষণ দেওয়ার পাশাপাশি সেদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপনে অংশ নেবেন।
১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি মুর্মু বতসোয়ানায় থাকবেন। এখানে তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে সেদেশের রাষ্ট্রপতি দুমা বোকোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, বতসোয়ানা জাতীয় সংসদে ভাষণ এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ন স্থান পরিদর্শন করা। তিনি দুই দেশেই ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।
আকাশবানীর প্রতিনিধি জানিয়েছেন
ভারত ও অ্যাঙ্গোলার মধ্যে অর্থনৈতিক সম্পর্কের অন্যতম ভিত্তি যেহেতু জ্বালানি ক্ষেত্রের অংশিদারিত্ব তাই দুই রাষ্ট্রপতির বৈঠকে এই সহযোগিতা নিয়ে আলচনা হবে বলে মনে করা হচ্ছে। অ্যাঙ্গোলার প্রতিরক্ষা আধুনিকীকরণের জন্য ভারতের ঋণসুবিধা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বিষয়য়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে হীরা ও রত্ন নিয়ে ভারত ও বতসোয়ানার মধ্যে বাণিজ্য হলেও তাকে আরও অন্যন্য ক্ষেত্রে সম্প্রসারিত করার বিষয়ে দু দেশের মধ্যে আলোচনা হতে পারে। বতসোয়ানা ইতিমধ্যেই ‘প্রজেক্ট চিতা’ নিয়ে ভারতের সঙ্গে সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে এবং সম্ভবত শিগগিরই বতসোয়ানা থেকে চিতা ভারতে আনা হবে।