আনুষ্ঠানিকভাবে গঙ্গাসাগর মেলার সূচনা হচ্ছে আগামীকাল। বিকেলে কলকাতার আউটরাম ঘাটে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর উদ্বোধন করবেন। মেলায় যেকোনোরকম দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকছে পুলিশের কুইক রেসপন্স টিম, ভারতীয় নৌ-বাহিনী, SDRF, উপকূলরক্ষীবাহিনী সহ আড়াই হাজার বিশেষ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক। মেলা প্রাঙ্গণের ১৮ টি জায়গায় দমকল কেন্দ্র তৈরি করা হয়েছে। কোনো পুন্যার্থী অসুস্থ হয়ে পড়লে, তাদের পরিষেবা দিতে পাঁচটি অস্থায়ী হসপিটাল তৈরি করা হয়েছে। থাকছে একটি air অ্যাম্বুলেন্স, তিনটি ওয়াটার অ্যাম্বুলেন্স।
মুড়িগঙ্গা চ্যানেলে পারাপারের সময় ঘন কুয়াশায় দৃশ্যমানতা ঠিক রাখতে প্রতিটি মিনারে থাকছে বিশেষ ফগ লাইট। ৯ থেকে ১৭ তারিখ পর্যন্ত আগত পূণ্যার্থী এবং মেলার সঙ্গে সংশ্লিষ্ট সকলের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার বীমার ব্যবস্থা করা হয়েছে।
ভারত সেবাশ্রম সংঘ গঙ্গাসাগর মেলায় দেড় হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে সংঘের প্রধান স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন, এই প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকরা ইতিমধ্যেই সাগর সৈকতে কাজ শুরু করেছে। এছাড়াও এবছর তীর্থযাত্রীদের জন্য ৫হাজারেরও বেশি রাত্রি বাসের ছাউনি এবং ২শোটিরও বেশি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র খোলা হচ্ছে।
গঙ্গাসাগর যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কলকাতা পুলিশ, সব থানার ওসি ও আধিকারিকদের নির্দেশ দিয়েছে। এই জন্য কলকাতায় এবং দক্ষিণ ২৪ পরগনার সীমান্তবর্তী ঠাকুরপুকুরের চড়িয়ালে পুলিশের তরফে একটি বিশেষ কিয়স্ক তৈরি করা হয়েছে। সেখান থেকে শুকনো খাবার দেওয়ার পাশাপাশি হঠাৎ কোন পুন্যার্থী অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিত্সার বন্দোবস্ত রাখা হবে বলেও লালবাজার সূত্রে জানা গেছে।