আজ জন সম্প্রচার দিবস। রেডিওর মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীর ঐতিহাসিক ভাষনকে স্মরণে রেখে প্রতিবছর ১২ই নভেম্বর দিনটি পালন করা হয়। ভারতের সম্প্রচার জগতের ইতিহাসে এই দিনটি উল্লেখযোগ্য হয়ে রয়েছে। ১৯৪৭ সালের আজকের দিনের মহাত্মা গান্ধী নতুন দিল্লীর ব্রডকাস্টিং হাউস বা সম্প্রচার ভবনে প্রথমবার পা রেখেছিলেন। দীপাবলী উৎসবের এক বিশেষ অনুষ্ঠানে তিনি কুরুক্ষেত্রে বসবাসকারী শোকার্ত ভারতীয় এবং পাকিস্তান থেকে আসা উদবাস্তুদের উদ্দেশে ভাষন দেন। স্বাধীনতা সংগ্রামী রাজকুমারী অমৃত কৌর তাঁর সফরসঙ্গী ছিলেন। প্রথমে অনিচ্ছুক থাকলেও পরে ঘনশ্যাম দাস বিড়লার পরামর্শে শ্রী গান্ধী এই ঐতিহাসিক ভাষন দেওয়ার জন্য রাজী হন। গোটা স্টুডিওটিকে সাজিয়ে তোলা হয়েছিল তাঁর দৈনিক প্রার্থনা সভার মতো করে।
এর পরের দিনই হিন্দুস্তান টাইমস শিরোনামে মহাত্মা গান্ধীর এই ভাষনকে এক অভাবনীয় শক্তি হিসেবে উল্লেখ করা হয়।
২০২০ সালে তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রী সুষমা স্বরাজ ১২ ই নভেম্বর দিনটিকে জন সম্প্রচার দিবস হিসেব পালনের সিদ্ধান্ত নেন। সেই থেকেই আকাশবানী আজকের দিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। ২০২৩ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের শততম পর্বে, সংশ্লিষ্ট স্টুডিওটিকে বাপু স্টুডিও হিসেবে উতসর্গ করেন।