আগাম কিছু না জানিয়ে DVC তাদের জলাধারগুলি থেকে অতিরিক্ত পরিমাণে জল ছাড়ায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে রাজ্য সরকার অভিযোগ করেছে। সাম্প্রতিক বৃষ্টির পর বিভিন্ন জেলা জলমগ্ন হয়ে পড়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে জরুরী ভিত্তিতে মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব, DGP, স্বরাষ্ট্রসচিব সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিক ও সব জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, গত ১৮ জুন থেকে DVC ২৭ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে। বন্যা পরিস্থিতি এড়াতে DVC-র জলাধারগুলিতে নাব্যতা বৃদ্ধির জন্যে এর আগে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়। নীতি আয়োগের বৈঠকে বারবার বিষয়টি তোলা হলেও, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। পলি তোলার কাজ হলে জলাধারগুলির ক্ষমতা আরও চার লক্ষ কিউবিক মিটার বৃদ্ধি পেত বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় তিনি রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গে সেচ, বিপর্যয় ব্যবস্থাপনা, কৃষি, বিদ্যুৎ-এর মত সংশ্লিষ্ট সব বিভাগকে পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে কাজ করার নির্দেশ দেন।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। যে কোন রকম পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার জন্যে তিনি উত্তরবঙ্গের জেলাশাসকদেরও প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন।