আইনশৃঙ্খলা, উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল প্রশাসনিক বৈঠকে বসবেন। পরপর তিনটি বৈঠকে তিনি যোগ দেবেন বলে খবর। প্রথমে নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তাঁর বৈঠক হবে।
এরপর সব জেলা শাসকদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। নির্বাচনের জন্য গত দু মাস স্থগিত থাকা প্রকল্পের কাজের অগ্রগতি এবং বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শুরু করা নিয়েও তিনি বৈঠকে, সচিব, আমলাদের নির্দেশ দেবেন বলে মনে করা হচ্ছে।
এদিকে, নবান্নে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠককে কেন্দ্র করে নিরাপত্তা আরও জোরদার করতে তৎপর হাওড়া ও কলকাতা পুলিশ।
কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এবং হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী আজ নবান্ন চত্ত্বর ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। পরে নবান্ন সভাঘরে নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠকও করেন তাঁরা।