আইটিটিএফ (ITTF) বিশ্ব দলগত টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতের পুরুষ ও মহিলা উভয় দলই আজ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দারুণ জয় পেয়ে ভারত প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে পৌঁছেছে।
মহিলাদের ইভেন্টে গ্রুপ সিক্স-এ ভারত আজ রুয়ান্ডাকে ৩-০ ব্যবধানে হারিয়ে দেয়। শুরুতেই মনিকা বাত্রা স্ট্রেট গেমে চান্তাল হিরওয়াক-কে হারিয়ে ভারতকে এগিয়ে দেন। এরপর দিয়া চিতালে এবং সিনড্রেলা দাসও নিজেদের ম্যাচে জয়ী হয়ে ভারতের শীর্ষস্থান নিশ্চিত করেন। উল্লেখ্য, এর আগে উগান্ডার বিরুদ্ধে ওয়াকওভার এবং ইউক্রেনের বিরুদ্ধে জয় পায় ভারত।
অন্যদিকে, পুরুষদের গ্রুপ- সেভেন-এর শেষ ম্যাচে গুয়াতেমালাকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ভারত। সাথিয়ান জ্ঞানসেকরন, মানব ঠক্কর এবং পায়াস জৈন প্রত্যেকেই আজ স্ট্রেট গেমে ম্যাচ জিতেছেন। প্রতিযোগিতায় অপরাজিত থেকেই পরবর্তী রাউন্ডে পা রাখলেন ভারতীয় খেলোয়াড়রা।