October 31, 2025 9:46 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের নাগরিকদের কাছে ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের নাগরিকদের কাছে ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন।  সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে গুজরাটের একতা নগরে জাতীয় একতা দিবস উদযাপন উপলক্ষ্যে এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সাল থেকে সরকার নকশালবাদ এবং মাওবাদী সন্ত্রাস দমনে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করেছে। স্বাধীনতার পর সর্দার প্যাটেল ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে সাড়ে পাঁচশোরও বেশি প্রদেশকে একসূত্রে বেঁধে আপাতদৃষ্টিতে এক অসম্ভবকে সম্ভব করেছিলেন।জম্মু কাশ্মীর এর ৩৭০ধারা বিলোপের প্রসঙ্গ উত্থাপন করে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর সমালোচনা করেন।

ভাষাগুলিকে ঐক্যের প্রতীক হিসেবে চিহ্নিত ক’রে প্রধানমন্ত্রী সব ভারতীয় ভাষার প্রচার ও সংরক্ষণের জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।পক্ষপাতহীনভাবে দেশের উন্নয়ন এবং দারিদ্র্য দূরীকরণে সরকারের সাফল্যের কথা তুলে ধরে বলেন, গত দশকে দেশের ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে।

 ‘একতা’কে জাতীয় শক্তির মন্ত্রে পরিণত ক’রে, এবং সর্দার প্যাটেলের দৃষ্টিভঙ্গি স্মরণ ক’রে শক্তিশালী, উন্নত এবং অখণ্ড ভারত গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে প্রধানমন্ত্রী স্ট্যাচু অফ ইউনিটিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সর্দার প্যাটেলের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন। এই উপলক্ষে একতা দিবসের শপথ গ্রহণ করান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এরপর একতা দিবসের বর্ণাঢ্য ঐক্য কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। কুচকাওয়াজে বি এস এফ, সি আর পি এফ এবং বিভিন্ন রাজ্য পুলিশ বাহিনীর সদস্যরা অংশ নেন। ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’-এর ভাবনাকে তুলে ধরতে বিভিন্ন রাজ্য সহ এন এস জি, এন ডি আর এফের মতো কেন্দ্রীয় সংস্থাগুলি দশটি বিশেষ ট্যাবলো প্রদর্শন করছে। কুচকাওয়াজের পর, প্রধানমন্ত্রী শাসনব্যাবস্থার পুনর্গঠন সংক্রান্ত “আরম্ভ”-এর সপ্তম দফার সমাপ্তি অনুষ্ঠানে শততম ফাউন্ডেশন কোর্সের অফিসার ট্রেনিদের সঙ্গে মতবিনিময় করবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।