তপসিয়ায় অগ্নিকান্ডের পর সাধারণ মানুষের সুরক্ষায় রাজ্য সরকার শহর জুড়ে সমস্ত অবৈধ পরিকাঠামো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। অগ্নিকান্ডের তদন্তে রাজ্য সরকার গঠিত চার সদস্যের কমিটি আজ তাদের প্রাথমিক রিপোর্ট জমা দেয়। এরপর নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শহরের সব অবৈধ কারখানায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। কেটে দেওয়া হবে জলের লাইনও। তিনি আরও জানান, তিলজলার ঐ কারাখানার মালিক শেখ নাসির ওরফে জাফর নিশাদ এবং ম্যানেজার শামিম মহম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। ঐ কারখানার ভবনটির নক্সার অনুমোদন ছিল না। ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থাও।
পুর ও নগরোন্নয়ন সচিবকে ২৪ ঘন্টার মধ্যে ঐ অবৈধ পরিকাঠামো ভেঙে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপরই ঐ বাড়ি ভাঙার কাজ শুরু হয়। ঘটনাস্থলে যান পুলিশের একাধিক উচ্চ পদস্থ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী এবং পুরসভার আধিকারিকরা। পাঁচটি বুলডোজার ঐ বেআইনী নির্মাণ ভাঙার কাজ করছে।
উল্লেখ্য, গতকালের ঐ ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয় দুজনের। গুরুতর আহত তিন জন হাসপাতালে চিকিত্সাধীন।