ঝাড়খণ্ডের সাত বছর বয়সী সাঁতারু ঈশাঙ্ক সিং, পক প্রণালী অতিক্রম করে সর্বকনিষ্ঠ সাঁতারু হিসেবে বিশ্বরেকর্ড গড়েছে। রাঁচির তৃতীয় শ্রেণীর ছাত্র ঈশাঙ্ক, শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে সাঁতার শুরু করে ২৯ কিলোমিটার পথ পেরিয়ে তামিলনাড়ুর ধানুশকোডিতে পৌঁছাতে সময় নিয়েছে মাত্র ৯ ঘণ্টা ৫০ মিনিট। ‘মিশন সমন্দর’-এর অংশ হিসেবে গতকাল ভোরে সে এই দুঃসাহসিক যাত্রা শুরু করে। সমুদ্রের উত্তাল ঢেউ এবং প্রবল স্রোতকে জয় করে বিকেলের মধ্যেই ভারতের উপকূলে পৌঁছে যায় এই খুদে সাঁতারু।
ঈশাঙ্কের এই অভাবনীয় কৃতিত্বকে ইতিমধ্যেই ‘ইউনিভার্সাল রেকর্ডস ফোরাম‘ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।