কলকাতায় দুদিন ব্যাপী ৬৭ তম আকাশবাণী সংগীত সম্মেলন এর গতকাল সূচনা হয়েছে। ভারতীয় জাদুঘরের আশুতোষ জন্ম শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে আকাশবাণী কলকাতার অনুষ্ঠান বিভাগের প্রধান মিতালী দত্ত বলেন, এই প্রতিষ্ঠানে প্রোগ্রাম, সংবাদ ও কারিগরি বিভাগ সমানতালে কাজ করার ফলেই সুষ্ঠুভাবে সমস্ত অনুষ্ঠান সম্প্রচার সম্ভব হয়। একই সঙ্গে তিনি অনুষ্ঠান পরিকল্পনার ক্ষেত্রে শ্রোতাদের মূল্যবান পরামর্শ ও সমালোচনার গুরুত্বের কথাও বিশেষভাবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাশবাণীর ও দূরদর্শনের পূর্বাঞ্চলীয় অতিরিক্ত মহানির্দেশক, ব্রডকাস্ট অপারেশন, ধ্রুব নন্দ এবং আকাশবাণী ও দূরদর্শনের অতিরিক্ত মহা নির্দেশক, কনটেন্ট অপারেশন, রাজিব ভট্টাচার্য।
অনুষ্ঠানে বাঁশি পরিবেশন করেন পন্ডিত সুদীপ চট্টোপাধ্যায়। খেয়াল ও ঠুংরি পরিবেশন করেন সাবিনা মুমতাজ ইসলাম। সেতার পরিবেশন করেন পন্ডিত অসীম চৌধুরী।